জনপ্রিয় মডেল মোনালিসা’র আংটি বদল

বিয়ের পিঁড়িতে মোনালিসা! না, এটা নতুন কোন গুঞ্জন নয়। এবার সত্যি সত্যি বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জনপ্রিয় এই মডেল। যার প্রমাণ মিলেছে তার ফেসবুক ওয়ালে নিজের আপলোড করা বর-কনে সাজে আংটি বদলের ছবির মধ্য দিয়ে। যে ছবিগুলোর কমেন্ট বক্সে অগণিত ভক্ত মোনালিসাকে শুভেচ্ছাবর্ষণে এরই মধ্যে ভাসিয়েছেন। যদিও ভক্তদের এমন উচ্ছ্বাস আর শুভেচ্ছা বাণীর বিপরীতে মোনালিসার তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১৭ই জুন নিউইয়র্ক শহরে খুব কাছের কয়েকজন মানুষের উপস্থিতিতে নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে মোনালিসার আংটি বদলের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মোনালিসার বড় বোন মুনিরা। ফাইয়াজ নিউইয়র্কের আয়ানা কলেজে বায়োলজিতে মাস্টার্সে পড়াশোনা করছেন। একই কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। আংটি বদলের বিষয়টি বিভিন্ন সূত্র প্রায় নিশ্চিত করলেও বিয়ের বিষয়টি এখনও নিশ্চিত নয়। অনেকেই বলছেন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ঢাকায়। জানা যায়, এই বিয়ে উপলক্ষে গেল সপ্তাহে আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছেন মোনালিসার মা ও বোন। মোনালিসার আংটি বদলের বিষয়টি বর্তমানে আমেরিকায় অবস্থানরত তার বেশ ক’জন সহশিল্পী নিশ্চিত করলেও এ বিষয়ে খুব বেশি তথ্য দিতে পারেননি কেউই। এদিকে এ ব্যাপারে নিশ্চিত হতে আমেরিকায় মোনালিসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে একটি সূত্রে জানা গেছে, ২/১ দিনের মধ্যে মোনালিসা তার নতুন বরকে নিয়ে ঢাকায় পা রাখবেন। তখনই সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন বিষয়টি। উল্লেখ্য, বছরখানেক আগে মোনালিসার সঙ্গে জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হাবিবের প্রেম-বিয়ের জোর গুঞ্জন উঠেছিল। এরপর হুট করে হাবিব বিয়ে করার পর সেই গুঞ্জন ধামাচাপা পড়ে যায়। তবে এবার মোনালিসা নিজেই সুদূর আমেরিকায় বসে বিয়েকেন্দ্রিক নতুন নাটকীয়তার জন্ম দিলেন নিজের ফেসবুকে আংটি বদলের একান্ত ছবি আপলোড করে। দেখা যাক, শেষতক এই নাটকীয়তা বাস্তবে রূপ নেয় কতটা। আরও উল্লেখ্য, গেল ১৭ই জুন আমেরিকায় অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেয়ার জন্যই মোনালিসা আমেরিকা গিয়েছেন। তবে সূত্র জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা কিংবা আংটি বদলের কারণে শেষতক ঢালিউড অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি তিনি।সূত্রঃ মানবজমিন
মন্তব্য
লেখক: মৌ
এই লেখক BD-Article.Com-এ 509টি আর্টিকেল প্রকাশ করেছেন। লেখকের আরও তথ্য আসিতেছে...